ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় কারাম উৎসব পালিত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৮, ২৯ সেপ্টেম্বর ২০২৩
নওগাঁয় কারাম উৎসব পালিত
কারাম উৎসব

বংশ পরম্পরায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর লোকজন পূর্ণিমা তিথিতে কারাম উৎসব পালন করেন। পূজা-অর্চনা আর নাচ-গানের মধ্য দিয়ে প্রতি বছর উত্তরের সমতল ভূমি ও নওগাঁর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর লোকজন এই কারাম উৎসব পালন করে আসছেন।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে জেলার মহাদেবপুর উপজেলার নাটশাল মাঠে কয়েকটি জেলা থেকে আগত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন উৎসবে যোগ দিয়ে নিজেদের ভাষা-সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরেন।

কারাম পূজাকে ডাল পূজাও বলা হয়। ক্ষুদ্র-নৃগোষ্ঠীর বিভিন্ন জাতি গোষ্ঠী মানুষের কাছে কারাম একটি পবিত্র গাছ। এই গাছকে মঙ্গলের প্রতীকও বলে মনে করা হয়। কারাম ডাল মাটিতে পুঁতে ঐতিহ্যবাহী নাচ, গান ও কিচ্ছা বলার মধ্যে দিয়ে এই পূজা করা হয়। আর এ দিনটির জন্য অধির আগ্রহে থাকেন তারা। এর মাধ্যমে সংসারে সচ্ছলতা ও রোগবালাই থেকে মুক্ত থাকার প্রত্যাশা করেন তারা।

Advertisement

মহাদেবপুর উপজেলার নাটশাল মাঠে নওগাঁর পার্শ্ববর্তী জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়াসহ কয়েকটি জেলার ৩৫টি দল উৎসবে অংশ নেয়। এ সময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন উৎসবে যোগ দিয়ে শিশু, কিশোরসহ নানা বয়সী মানুষ দলবদ্ধ ছন্দময় নাচের মাধ্যমে তাদের নিজেদের ভাষা সংস্কৃতি তুলে ধরেন। এ সময় পুরো এলাকা ক্ষুদ্র-নৃগোষ্ঠীসহ সকল সম্প্রদায় মানুষের হয়ে ওঠে মিলন মেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ-৩ আসনের সংসদ ছলিম উদ্দিন তরফদার। তিনি বলেন, দীর্ঘদিন থেকে ঐতিহ্যবাহী কারাম উৎসব পালন করে আসছেন ক্ষুদ্র-নৃগোষ্ঠী লোকজন। সরকার তাদের প্রতি যথেষ্ট আন্তরিক।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: উৎসব নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!