ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ১

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৫, ৩০ সেপ্টেম্বর ২০২৩
গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ১
ফাইল ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে রানী বেগম (৩০) নামে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার রাতে নির্যাতিতা গৃহবধূ রানী বেগম বাদী হয়ে প্রধান আসামি নাছির উদ্দিন শিকদারসহ ৯ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

পুলিশ রাতেই এ মামলার এজাহার নামীয় ৭নং আসামি আকলিমা বেগমকে (৩২) গ্রেফতার করেছে। শনিবার বেলা ১১টার দিকে তাকে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হয়েছে। আকলিমা বেগম রানী বেগমকে গাছে বেঁধে পেটানোয় সরাসরি অংশ নেন বলে জানা গেছে। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে বলইবুনিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের হাসান শেখের স্ত্রী রানী বেগমকে একই গ্রামের নাসির শিকদার ও তার সহযোগীরা গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পেটান। এতে ঘটনাস্থলেই ওই নারী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয় চৌকিদার ও অন্যান্য লোকজন বাঁধন খুলে রানী বেগমকে হাসপাতালে ভর্তি করেন। 

Advertisement

রানী বেগমকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে মারধরের একটি ভিডিও ঘটনার ১ দিন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তিনি এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। 

মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, রানী বেগমকে বেঁধে পেটানোর বিষয়ে অভিযোগ পাওয়া মাত্র তা এজাহার হিসেবে গ্রহণ করা হয়। একজন আসামিকে রাতে গ্রেফতার হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!