শ্রীমঙ্গলে পর্যটককে হত্যা, প্রধান আসামি গাজীপুরে গ্রেফতার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় লেমন গার্ডেন রিসোর্টে পর্যটক শরীফুল হত্যা মামলার প্রধান আসামি ওসমান গণিকে (৩৪) গ্রেফতার করেছে র্যাব। শনিবার ভোরে গাজীপুর জেলার শ্রীপুর থানার ধলাদিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ওসমান কুমিল্লা জেলার মনোহরগঞ্জ থানার বচরই এলাকার মো. ইসলাইল মিয়ার ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করতেন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আব্দুল্লাহ আল নোমান বলেন, গত ২৫ আগস্ট শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টের বৃষ্টি বিলাসে ওঠেন শরীফুল ইসলাম, ওসমান গণি ও অন্য আসামিরা। ২৭ আগস্ট আসামিরা শরীফুল ইসলামকে হত্যা করে পালিয়ে যান। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত শরীফুলের স্ত্রী শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা করেন।
.png)
তিনি বলেন, এ ঘটনায় গত ৩০ আগস্ট শান্ত ঘোষ নামে একজনকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। শনিবার মূল আসামি ওসমান গণিকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আসামিরা পরিকল্পিতভাবে শরীফুল ইসলামকে হত্যা করেন। ওসমান গণির আত্মীয় শাহীন নামে এক যুবক ঢাকায় হত্যার স্বীকার হন। তাদের ধারণা, শরীফুল ইসলামই শাহীনকে হত্যা করেছেন। এ হত্যার প্রতিশোধ নিতে তারা ওসমান গণিকে নিয়ে শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টে বেড়াতে যান। সেখানে শরীফুলকে কাঠের টুকরা দিয়ে আঘাত করে হত্যা করা হয়।