সুনামগঞ্জে পুতুলনাট্য উৎসব
‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নত শিখরে’ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে শুরু হয়েছে গণজাগরণে পুতুলনাট্য উৎসব।
সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘ভোর আসবেই’ নামে একটি পুতুলনাট্য পরিবেশিত হয়। নাটকটিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়। যেখানে ছেলে-মেয়েদের সমান অধিকার নিশ্চিত হবে।
পুতুলনাট্য পরিবেশনের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মোহাম্মদ আল মোজাহিদ, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মো. মাশহুদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জরুল হক চৌধুরী পাভেল প্রমুখ।
.png)
এ সময় বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি নাটক ও শিল্প সংস্কৃতির চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে সংস্কৃত বান্ধব প্রজন্ম হিসেবে গড়ে তুলতে হবে। শিল্প সংস্কৃতির চর্চার সঙ্গে জড়িত শিক্ষার্থীরা কখনোই মাদক, কুসংস্কার ও অপকর্মে লিপ্ত হতে পারে না।