মঙ্গলবার দুপুরে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামে অগজরটি ধরা পড়ে। সংবাদ পেয়ে স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকরা অজগরটি উদ্ধার করেন। পরে দুর্গাপুর উপজেলার গহীন বনে অজগরটিকে অবমুক্ত করেন তারা।
প্রায় পাঁচ ফুট লম্বা এবং পাঁচ কেজি ওজনের অজগরটি বার্মিজ পাইথন প্রজাতির বলে জানান স্বেচ্ছাসেবকরা। গত কয়েকদিনের বৃষ্টিতে উজানের পানির স্রোতে অজগরটি লোকালয়ে ভেসে আসতে পারে বলে ধারণা করছেন তারা।
.png)
স্থানীয়রা জানান, সকালে নাজিরপুর বাজারে পাশ দিয়ে বয়ে চলা আত্রাখালীর শাখা নদী বাকরায় মাছ ধরার জন্য জাল পাতেন লাল মিয়াসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা। দুপুরে জাল তুলতে গিয়ে এতে একটি অজগর দেখে ভয়ে চলে আসেন তারা। পরে স্থানীয় আরো কয়েকজনকে নিয়ে জালসহ অজগরটি বাড়ি নিয়ে আসেন দুলাল মিয়া। অজগর ধরা পড়ার খবরে স্থানীয়রা ভিড় করেন তার বাড়িতে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাপের ছবি পোস্ট করলে নজরে আসে সেভ দ্য এনিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকদের। পরে তারা সাপটি উদ্ধার করে নিয়ে যান।
সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সহ-সভাপতি সুমন রায় বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। এই পানির স্রোতেই হয়তো অজগরটি বন থেকে লোকালয়ে চলে এসেছে। পরে মাছ ধরার জালে আটকা পড়েছে। আমরা অজগরটি উদ্ধারের পর পরিচর্যা শেষে আবারো বনে অবমুক্ত করেছি। এ নিয়ে এখন পর্যন্ত আমরা ৪৪টি রেসকিউ অভিযান সম্পন্ন করেছি। এর মধ্যে শুধু অজগর সাপই ছিল ১৬টি।
দুর্গাপুরের উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান জানান, পাহাড়ি সীমান্তবর্তী এলাকায় প্রায় সময় বিভিন্ন প্রকার বন্যপ্রাণী বন ছেড়ে লোকালয়ে চলে আসে। এসব প্রাণীদের উদ্ধারে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরাও সার্বক্ষণিক তাদের সহযোগিতা করে আসছি।