অপহরণ ও যৌন হয়রানির দায়ে নোবেলের যাবজ্জীবন
কিশোরগঞ্জের করিমগঞ্জে অপহরণ ও যৌন হয়রানি মামলায় নোবেল (২২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাবিবুল্লাহ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত নোবেল নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ফাইজুলের ছেলে। কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট এম এ আফজল এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১১ আগস্ট সকালে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের আগুরকান্দা গ্রামের এক কিশোরী নিয়ামতপুর বাজারে যায়। বাড়ি ফেরার পথে নোবেল ঐ কিশোরীকে ফুসলিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে যৌন হয়রানি করেন। একপর্যায়ে কিশোরী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নোবেল তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে ভুক্তভোগীকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।
এ ঘটনার পরদিন মেয়েটির বাবা বাদী হয়ে করিমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ২০২১ সালে ১০ ফেব্রুয়ারি তদন্ত শেষে করিমগঞ্জ থানার তৎকালীন এসআই আমিরুল মোনেনীন নোবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।