ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী যুবক

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:২২, ১৫ অক্টোবর ২০২৩
বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে বউ আনলেন প্রবাসী যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ

ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করিয়ে পুত্রবধূ ঘরে আনার স্বপ্ন দেখতেন বাবা। অবশেষে বাবার সেই স্বপ্ন সত্যি করেছেন ছেলে মোহাম্মদ শাহীনুর রহমান।

রোববার সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মাঠ থেকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে যান তিনি। কনে নবীগঞ্জ উপজেলার বাজকাশারা গ্রামের মোহাম্মদ আবদুছ ছবুরের মেয়ে নিশাত তাসনিম।

বিকেলে কনে নিশাত তাসনিমকে বিয়ে করে গ্রামের বাড়ি গন্ধর্বপুরে হেলিকপ্টারেই নিয়ে আসেন তিনি। এ সময় নববধূ ও  বরকে দেখতে আশপাশের লোকজন জড়ো হন।

Advertisement

জানা যায়, লতিফুর রহমান পরিবার-পরিজন নিয়ে যুক্তরাজ্যে থাকেন। সম্প্রতি তার বড় ছেলে মোহাম্মদ শাহীনুর রহমানের বিয়ে ঠিক হয়। এজন্য পরিবারের সবাইকে নিয়ে লতিফুর দেশে আসেন।

শাহীনুর তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড়। তারা সবাই বিদেশে থাকেন। শাহীনুরের বাবার শখ ছিল বড় ছেলের বরযাত্রা হেলিকপ্টারে হবে। এজন্য দেশে এসে বিয়ের এই আয়োজন করেন।

এ বিষয়ে বরের বাবা লতিফুর রহমান বলেন, পরিবারের বড় ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে নিয়ে গিয়ে পুত্রবধূ নিয়ে আসার স্বপ্ন দেখতাম। আমার সেই স্বপ্ন সত্যি হয়েছে আজ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!