মাদক মামলায় একজনের যাবজ্জীবন, দু’জনের ৫ বছর কারাদণ্ড
চাঁদপুরে মাদক মামলায় রাসেল (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই মামলায় অপর দুই আসামি তাজুল ইসলাম (৪৩) ও ফারুক আহমেদকে (৩৮) ৫ বছর করে কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং এক মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (আদালত-২) এর বিচারক শাহেদুল করিম এ রায় দেন।
.png)
আসামিদের মধ্যে রাসেলের বিরুদ্ধে আরো দুটি ধারায় সাজা হয়। এর মধ্যে মাদক আইনে ৫ বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং ৯ (ক) ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর চাঁদপুর ডিবির তৎকালীন এসআই ইব্রাহীম খলিল গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন ধরনের মাদকসহ রাসেল ও তাজুল ইসলামকে গ্রেফতার করেন। এ ঘটনায় জড়িত ছিলেন ফারুক আহমেদ। তবে তিনি পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে ঐদিনই চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাঁদপুর ডিবির এসআই মামুনুর রশিদ তদন্ত শেষে ঐ বছরের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট জমা দেন। আজ সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত।