সিলেটে গৃহবধূ হত্যায় দেবর-জায়ের যাবজ্জীবন
সিলেটের জৈন্তাপুরে গৃহবধূ সোনারা বেগম হত্যা মামলায় দেবর আব্দুল করিম ও তার স্ত্রী শিরিন বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেট দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন। সাজাপ্রাপ্ত ও নিহতের বাড়ি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফরফরা গ্রামে।
এই রায়ে আব্দুল করিমকে আরো ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই রায়ে সৎ ভাইকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করার অপরাধে আসামি আব্দুল করিমকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
.png)
এছাড়া আব্দুল করিম তার সৎ ভাইকে মারপিট করার সময় শিরিন বেগম সহযোগিতা করায় তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আদালত সূত্রে জানা যায়, জমি নিয়ে তোরাব আলী ও তার সৎ ভাই করিমের মধ্যে দীর্ঘদিন বিরোধ ছিল। ঘটনার কিছুদিন আগে প্রবাস থেকে ফেরার পর করিম ও তার স্ত্রীর সঙ্গে বিভিন্ন সময় বড় ভাইয়ের (তোরাবের) পরিবারের সঙ্গে ঝগড়া-বিবাদ হতো।
এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর সকালে ঝগড়া বাধলে আব্দুল করিম ছুরি দিয়ে সৎ ভাবির ঘাড়ের পেছনে আঘাত করলে সোনারা বেগম ঘটনাস্থলেই মারা যান। এসময় তোরাব আলীকেও মারপিট করে আহত করা হয়। এ ঘটনার পর আবদুল করিম ও তার স্ত্রী শিরিন বেগমকে আটক করে পুলিশ।