ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খান জাহান আলীর মাজারের দিঘিতে কুমিরের মৃত্যু, করা হবে ময়নাতদন্ত

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৭, ১৯ অক্টোবর ২০২৩
খান জাহান আলীর মাজারের দিঘিতে কুমিরের মৃত্যু, করা হবে ময়নাতদন্ত
মরে ভেসে আছে কুমিরটি- ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের ঐতিহাসিক হযরত খান জাহান (র.) মাজারের দিঘিতে পুরুষ কুমিরটি মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে দিঘির দক্ষিণ-পশ্চিম কোণে কুমিরটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ, প্রাণিসম্পদ অধিদফতর, উপজেলা প্রশাসন, মাজার কর্তৃপক্ষ ও খাদেমসহ দর্শনার্থীরা ছুটে আসেন দিঘির ঘাটে। সন্ধ্যায় দিঘির উত্তরপাড়ে কুমিরটিকে তোলা হয়।

কুমিরটির মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন জেলা ভেটেনারি কর্মকর্তা মনোহর চন্দ্র মন্ডল।

Advertisement

মাজারের প্রধান খাদেম শের আলী ফকির বলেন, ‘কুমির আটকে রেখে মানুষের কাছ থেকে পয়সা নেয়া হতো। প্রায় ৭-৮ মাস ধরে মোস্তাফা ফকিরের পুকুরে আটকানো ছিল কুমিরটি। বেশি দিন কুমির এক জায়গায় থাকতে পারে না। আমরা এ বিষয়ে বিভিন্ন সময়ে অভিযোগও করেছি। এই কুমির মেরে ফেলা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

কুমিরটির মৃত্যুর বিষয়ে জানার জন্য মোস্তফা ফকিরের বাড়িতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। এ সময় তার স্ত্রী শাকিলা বেগম বলেন, ‘দুপুরে দিঘিতে আমার ননদ কুমিরটির মরদেহ ভাসছে দেখে আমাকে জানান। কীভাবে কুমিরটি মারা গেছে সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। কুমিরটি এতদিন আমার স্বামীর দায়িত্বে ছিল। তিনি কয়েকদিন আগে কুষ্টিয়ায় গেছেন।’ 

বাগেরহাট মডেল থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, এখানে মাদ্রাজ থেকে আনা দুটি কুমির ছিল। একটি বড় আরেকটি একটি ছোট। বড় কুমিরটি মারা গেছে। এখানে খাদেমদের অভিযোগ আছে। কুমিরের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ১৪ শতকের প্রথমদিকে নিজের শাসনামলে হযরত খান জাহান এই দিঘিতে ‘কালাপাহাড়’ ও ‘ধলাপাহাড়’ নামে দুটি কুমির ছাড়েন বলে কথিত আছে। সেই থেকে কুমির এই মাজারের ঐতিহ্য। কুমির দেখতে দেশ-বিদেশের হাজারো দর্শনার্থী নিয়মিত বাগেরহাটে আসেন।

২০১৫ সালে ৫ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী হযরত খান জাহান (র.) মাজারের দিঘির শতবর্ষী কুমিরের শেষ বংশধর ‘ধলা পাহাড়’ মারা যায়। এরপর থেকে ভারত থেকে আনা দুটি কুমির ছিল এখানে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!