উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা নারী গ্রেফতার
কক্সবাজারের উখিয়ায় ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন ১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
গ্রেফতারকৃত ইয়াসমিন আক্তার উখিয়ায় ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি/৫-এর আনসার উল্লাহর স্ত্রী।
.png)
এপিবিএন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিক্তিতে এপিবিএনের একাধিক টিম ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এরপর ৪ নম্বর ক্যাম্পের ব্লক সি/৫-তে অবস্থিত আনসার উল্লাহর বসতঘর হতে একটি একনলা বন্দুক, ৩টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড রাইফেলের গুলিসহ আনসার উল্লাহর স্ত্রী ইয়াসমিন আক্তারকে গ্রেফতার করা হয়। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
এতে কোনো পক্ষের কারো ক্ষয়ক্ষতি হয়নি। এ ব্যাপারে এপিবিএন পুলিশ বাদী হয়ে রোহিঙ্গা ইয়াসমিনকে প্রধান আসামি করে ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক মো. সাইফুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করেছেন।