ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিথ্যা ঘোষণায় এলো ডেক্সট্রোজ-গুঁড়ো দুধ, দেড় কোটি শুল্ক ফাঁকির চেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ২০ অক্টোবর ২০২৩
মিথ্যা ঘোষণায় এলো ডেক্সট্রোজ-গুঁড়ো দুধ, দেড় কোটি শুল্ক ফাঁকির চেষ্টা
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মিথ্যা ঘোষণায় আনা একটি চালানে দেড় কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দিয়েছে কাস্টমস। ক্যালসিয়াম কার্বনেট ঘোষণায় চালানটিতে ৬০ টন ডেক্সট্রোজ, ১৫ টন গুঁড়ো দুধ, এক টন কফি মেট, তিন টন মেনথল পাওয়া গেছে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

শতভাগ কায়িক পরীক্ষা শেষে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক।

তিনি জানান, ক্যালসিয়াম কার্বনেট ঘোষণা দিয়ে চীন থেকে চার কনটেইনারের চালানটি আমদানি করে রাজধানী ঢাকার পুরানা পল্টনের জি ওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। মিথ্যা ঘোষণার পণ্য সন্দেহে চালানটি বিশেষ নজরদারিতে রাখে কাস্টম হাউসের এআইআর শাখা। বিষয়টি আঁচ করতে পেরে আমদানিকারক কৌশলে চালানটি বন্দরে না নামিয়ে সিঙ্গাপুর ফেরত পাঠাতে আরওবি ঘোষণা করেন। পরে কাস্টমসের চাপে চালানটি জাহাজ থেকে নামাতে হয়।

Advertisement

এ বিষয়ে তিনি আরো জানান, বৃহস্পতিবার চালানটি শতভাগ কায়িক পরীক্ষা করে ঘোষিত পণ্য পাওয়া যায় মাত্র তিন টন। এর আগে, গত ২০ সেপ্টেম্বর একই আমদানিকারকের আরেকটি চালান আটক করেছিলেন কাস্টমস কর্মকর্তারা। চালানটিতেও ক্যালসিয়াম কার্বনেট ঘোষণা দিয়ে ডেক্সট্রোজ ও গুঁড়ো দুধ আনা হয়েছিল। রাজস্ব ফাঁকির চেষ্টা ছিল কোটি টাকা।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!