ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫০ জেলে আটক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ২২ অক্টোবর ২০২৩
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫০ জেলে আটক
আটককৃত জেলেরা -ছবি: ডেইলি বাংলাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ ধরায় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় পৃথক অভিযানে ৫০ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদরে আটক হয়েছে ২৩ জন এবং হাইমচরে আটক হয়েছে ২৭ জন।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দুপুর ১টা পর্যন্ত উপজেলা টাস্কফোর্সের অভিযানে এসব জেলেদেরকে আটক করা হয়।

অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, কাল সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত চাঁদপুর সদরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২৩ জন জেলেকে আটক করা হয়। এর মধ্যে ১৭ জনকে ভ্রাম্যমাণ আদালতে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং ৬ জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

Advertisement

তিনি আরো বলেন, অভিযানের সময় ৮০ হাজার মিটার কারেন্ট জাল, চারটি মাছ ধরার নৌকা ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়।

এদিকে, হাইমচরে অভিযানে অংশগ্রহণকারী জ্যেষ্ঠ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ বলেন, রোববার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা টাস্কফোর্স মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৭ জেলেকে আটক করে। একই সময় দুটি মাছ ধরার নৌকা ও ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।

আটক জেলেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে কারাগারে পাঠানো হবে জানিয়েছেন জ্যেষ্ঠ ঐ মৎস্য কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!