গ্রেফতারকৃত নেজাম উদ্দিন ফেনী জেলার ফুলগাজী থানার নুরপুর গ্রামের হুমায়ন কবিরের ছেলে। তিনি ফতুল্লার নয়ামাটি মুসলিমপাড়া এলাকায় মিজানের বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন। কিশোরীর স্থানীয় বাড়ি পাগলা দেলপাড়া এলাকায় এবং সে স্থানীয় একটি স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী।
জানা যায়, তিনমাস আগে নেজাম উদ্দিন রাজমিস্ত্রিদের সঙ্গে ওই কিশোরীর বাড়িতে নির্মাণ কাজ করতে আসেন। সেই সময় কিশোরীকে দেখেন নেজাম উদ্দিন। এরপর তাদের মধ্যে পরিচয় হয় এবং কিশোরীকে প্রেমের প্রস্তাব দেন নেজাম। এমনকি স্কুলে আসা-যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করেন। বিষয়টি কিশোরীর মা জানতে পেরে নেজাম উদ্দিনকে উত্ত্যক্ত করতে বাধা দেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে গত ১৮ অক্টোবর দুপুরে স্কুল থেকে বাসায় ফেরার পথে কিশোরীকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যান।
.png)
মামলার তদন্তকারী অফিসার ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাৎ হোসেন বলেন, মেয়েটিকে উদ্ধার ও প্রেমিক নেজাম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটির বয়স কম। তাই একজন বিবাহিত যুবকের কথায় সে তার সঙ্গে চলে গিয়ে ভুল করেছে। বিষয়টি তদন্ত করে সঠিক প্রতিবেদন আদালতে দাখিল করা হবে বলে জানান তিনি।