রোববার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিজ্ঞবিচারক জেলা ও দায়রা জজ মো. মঈন উদ্দিন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
সাজাপ্রাপ্ত আসামি এনামুল হক হাওলাদার (৪৫) শরণখোলা উপজেলার রতিয়ারাজাপুর গ্রামের বারেক হাওলাদারের ছেলে। তবে এনামুল পলাতক রয়েছেন।
.png)
জানা যায়, ২০১৭ সালের ২৬ অক্টোবর বিকেলে যৌতুকের দাবিতে শরণখোলা উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের নিজ বাড়িতে স্ত্রী হেলেনা বেগমকে পিটিয়ে হত্যা করেন এনামুল হক। এ ঘটনায় নিহতের ভাই একই উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের আব্দুস সালাম বাদী হয়ে এনামুল হকসহ সাতজনকে আসামি করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির দীর্ঘ শুনানি ও চার সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এনামুল হককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট রনজিৎ কুমার মণ্ডল।