সীতাকুণ্ডে সর্বোচ্চ তাপমাত্রা, চট্টগ্রামে হতে পারে বৃষ্টি
সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকলেও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার এ পূর্বাভাস দেওয়া হয়। এ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, সর্বোচ্চ সীতাকুণ্ডে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে। বুধবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম অঞ্চলে দুই-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবারের পূর্বাভাসে জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবারের পূর্বাভাসে একইভাবে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হলেও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে বলে জানানো হয়।
.png)
মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৫ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।