রাজশাহীতে অস্ত্র নিয়ে উল্লাসের ভিডিও, ৭ কিশোর আটক
রাজশাহী নগরীতে দেশীয় অস্ত্র নিয়ে উল্লাসের ভিডিও ভাইরালের পর ৭ কিশোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সবাই নগরীর শাহ মখদুম থানার গাংপাড়া এলাকার বাসিন্দা।
শাহ মখদুম থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ভিডিওটি ভাইরালের পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে সাত কিশোরকে আটক করা হয়। ভিডিওতে যে অস্ত্র দেখা গেছে সেগুলো উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে ওসি আরো জানান, কিশোর গ্যাং গ্রুপেরই এক ছেলের নাম আরাফাত। তাকে চারদিন আগে একই গ্রুপের অন্যরা মেরেছে। আরাফাত এখন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ছেলেটাকে মারধরের কারণে তার পক্ষের কেউ ভিডিওটা ছেড়ে দিয়েছে। আরাফাতের ভাই গত সোমবার থানায় অভিযোগ করতে এসেছিলেন। কিন্তু তিনি কারো নাম জানাতে পারেননি। তবে মামলা হয়েছে। এখন কারা আরাফাতের ওপর হামলা করেছে এবং চার মাস আগে কারা অস্ত্র হাতে উল্লাস করছিল তার সবকিছুই বেরিয়ে আসবে।
.png)
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাক জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওটি পুলিশের হাতে এলে মঙ্গলবার রাতভর অভিযান চালানো হয়। সেই গ্যাংয়ের সাতজনকে আটক করা হয়। সবার বয়স ১৪ থেকে ১৬ পর্যন্ত। তাদের বাড়ি শাহমখদুম থানার গাংপাড়া এলাকায়। তাদের অভিভাবকদের ডাকা হয়েছে। আরেক কিশোরকে মারধরের ঘটনায় তাদের আসামি করা হবে।