ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ২১ সোনার বারসহ যুবক আটক 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৫, ২ নভেম্বর ২০২৩
কক্সবাজারে ২১ সোনার বারসহ যুবক আটক 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের রামুতে কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে ২১ সোনার বারসহ ‘আন্তর্জাতিক চোরাচালান চক্রের’ এক পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির রামু ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ। গ্রেফতার মো. আবুল মুনছুর (৪০) নারায়ণগঞ্জ জেলার সদর থানার শামসুল ইসলামের ছেলে।

ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, বুধবার মধ্যরাতে আন্তর্জাতিক চোরাচালান চক্রের এক সদস্য সোনার একটি চালান নিয়ে বাংলাদেশে ঢোকার খবর পায় বিজিবি। পাচার হয়ে আসা সোনার চালানটি নিয়ে চক্রটির সদস্যরা যানবাহনে টেকনাফের দিক আসার খবরে বিজিবির সদস্যরা শহিদ এ টি এম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) রামু উপজেলার বিজিবির মরিচ্যা চেকপোস্টে নজরদারি জোরদার করে। এক পর্যায়ে সেখানে টেকনাফ দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান থামার জন্য নির্দেশ দেন। এতে সন্দেহজনক এক ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি চালানো হয়।

Advertisement

পরে সন্দেহজনক লোকটির পরিহিত পায়জামার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২১ টি সোনার বার। উদ্ধার হওয়া এসব সোনার ওজন ৩ কেজি ৪৯৩ গ্রাম। যার আনুমানিক মূল্য ৩ কোটি ১ লাখ ২০ হাজার ৮৫ টাকা।
 
বিজিবির কর্মকর্তা বলেন, গ্রেফতার ব্যক্তি আন্তর্জাতিক সোনা চোরাচালান চক্রের একজন সদস্য। উদ্ধার হওয়া এসব সোনার চালান পাচারকারী চক্রের সদস্যরা উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে বলে জানান ওয়াহিদুজ্জামান তানজিদ। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!