ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আলোচিত ভোলা হত্যায় ১৪ জনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৯, ৯ নভেম্বর ২০২৩
আলোচিত ভোলা হত্যায় ১৪ জনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

জয়পুরহাটে আলোচিত ভোলা মন্ডল হত্যা মামলার ২০ বছর পর ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দ্রা গ্রামের মৃত বিরাজ উদ্দিন মন্ডলের ছেলে, আব্দুল মান্নান, ছানোয়ার হোসেন, সাহাজ হোসেন, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, রিয়াজ উদ্দিন ওরফে রেয়াজ, খয়বর আলীর ছেলে রমজান আলী, আব্দুল ওহাব, সামছুদ্দিনের ছেলে, ফারুক হোসেন, মৃত হাতেম আলীর ছেলে মো. দুলো, আব্দুল খালেক, মৃত অফির উদ্দিনের ছেলে শাহজাহান, মৃত মজিবর রহমানের ছেলে শফিকুল ইসলাম ও আব্দুল খালেকের ছেলে আনিছুর ওরফে আনিছুর রহমান।

Advertisement

মামলার বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ৫ মে জেলার পাঁচবিবি উপজেলার হরেন্দ্রা গ্রামে নিহত ভোলাসহ তারা চার ভাই মিলে পাওয়ার টিলার নিয়ে বাড়ি থেকে দূরে মাঠের মধ্যে জমি চাষ করতে যান। এরপর রাত দেড়টার দিকে জমির পাশে ৪ ভাই শ্যালো মেশিন রেখে বিছানা করে শুয়ে পড়েন। হঠাৎ জমিতে কাদার মধ্যে হাঁটার শব্দ পান। এ সময় তারা কাছে থাকা টর্চ লাইট জ্বালিয়ে দেখতে পান মুখচেনা কয়েকজন ব্যক্তি পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। একপর্যায়ে ভোলাকে কুড়াল দিয়ে কুপিয়ে জখম করেন। এ সময় অন্য ভাইয়েরা চিৎকার দিলে তাদের কপালে পিস্তল ঠেঁকিয়ে হত্যার হুমকি দেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাতেই প্রথমে পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যান। এ ঘটনায় নিহতের ছোট ভাই দোলা মন্ডল বাদী হয়ে ৬ নভেম্বর পাঁচবিবি থানায় ২৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। পরবর্তীতে তৎকালীন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সাত্তার ২০০৪ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে ৯ জন সাক্ষীর সাক্ষ্যতে আদালতের বিচারক এ রায় দেন।

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম-১।

দণ্ডপ্রাপ্তদের বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হরেন্দা ও কুয়াতপুর এলাকায়। এদের মধ্যে একজন পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!