ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণহীন বাস চাপা দিল বাইককে, প্রাণ গেল আরোহীর

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৭, ১১ নভেম্বর ২০২৩
নিয়ন্ত্রণহীন বাস চাপা দিল বাইককে, প্রাণ গেল আরোহীর
ফাইল ছবি

বাসের চাপায় মোটরসাইকেল আরোহী আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বাসটি দিনাজপুরের কান্তজিউ মন্দির পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বী তীর্থযাত্রীদের নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল।

শুক্রবার রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কলাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আলমগীর হোসেন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে। তিনি বেসরকারি প্রতিষ্ঠান সিপি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপক ছিলেন।

Advertisement

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা ভাড়া করা একটি বাস বগুড়ার দিকে যাচ্ছিল। একই সময়ে রাণীগঞ্জ বাজার থেকে মহাসড়ক হয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আলমগীর হোসেন। বাসটি কলাবাড়ী নামক স্থানে পৌঁছালে একটি চাকার টায়ার বিকট শব্দে ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মোটরসাইকেলের চালক। খবর পেয়ে রাণীগঞ্জ বাজারে দায়িত্বরত পুলিশ সদস্যরা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক আলমগীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রূপম কণ্ডু বলেন, রাতে রোগীকে হাসপাতালে নিয়ে আসলে আমরা তাকে মৃত অবস্থায় পাই। নিহত ব্যক্তির দুই পা এবং হাতে গুরুতর জখম রয়েছে। তিনি বুকেও আঘাত পেয়েছিলেন।

ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটিকে জব্দ করা হয়েছে। তবে একটি এলপিজি গ্যাস স্টেশনে বাসটি রেখে চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!