ডেঙ্গুর কাছে হেরে গেলেন কলেজছাত্রী ইলা
ডেঙ্গুর কাছে হেরে গেলেন ফেনীর মেধাবী ছাত্রী মাহদিয়াত রহমান ইলা৷ শনিবার বেলা ১১টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত ইলা ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের মেয়ে। তিনি ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ফলপ্রার্থী৷
ইলার বাবা মিজানুর রহমান বলেন, ইলা এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেছিল। এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পাবার সম্ভাবনা রয়েছে। পরীক্ষা শেষে ঢাকায় মেডিকেল ভর্তি কোচিং করছিল ইলা। গত ৭ নভেম্বর ইলা জ্বরে আক্রান্ত হয়। ৮ নভেম্বর গ্রামের বাড়ি ফেনীতে চলে আসে সে। ৯ নভেম্বর তার ডেঙ্গু শনাক্ত হলে চিকিৎসক রিয়াজ উদ্দিনের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা চলছিল। ১০ নভেম্বর রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে ১১ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে মারা যায় ইলা।
.png)
ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আসিফ ইকবাল বলেন, ইলাকে সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই বেলা ১১টার দিকে মারা যায় ইলা।
ইলার চাচা জহিরুল ইসলাম বিজয় জানান, শনিবার রাতে ফেনীর দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর এলাকায় জানাজা শেষে তাকে দাফনের কথা রয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।