দ্বিতীয় বিয়ে করায় ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা করলেন প্রথম স্ত্রী
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দ্বিতীয় বিয়ে করায় সাইফুল ইসলাম মণ্ডল (৫২) নামে এক ব্যবসায়ীকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছেন তার প্রথম স্ত্রী। এ ঘটনায় স্ত্রী নাসিমা খাতুন ও মেয়ে স্বপ্না খাতুনকে (২০) আটক করেছে পুলিশ।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুল। এর আগে শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মণ্ডলজানি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পাঁচদিন আগে সাইফুল দ্বিতীয় বিয়ে করেন। এই বিয়ের পর থেকে প্রথম স্ত্রী নাসিমা খাতুনের সঙ্গে সাইফুল ইসলামের কথা কাটাকাটি লেগেই ছিল। শুক্রবার রাতে দু’জনের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। গভীর রাতে সাইফুল ঘুমিয়ে পড়লে নাসিমা খাতুন আকস্মিকভাবে তার মাথায় দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এ অবস্থায় রাতেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
.png)
উল্লাপাড়া মডেল থানার এসআই আব্দুস ছালাম জানান, সাইফুল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্ত্রী নাসিমা এবং তার মেয়ে স্বপ্না খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।