ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড 

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৯, ১৫ নভেম্বর ২০২৩
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত রনি মোল্লা

নাটোরের গুরুদাসপুর উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে মো. রনি মোল্লা নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুর ১২টার দিকে এ রায় দেন নাটোর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। দণ্ডপ্রাপ্ত রনি মোল্লা পুরুলিয়া এলাকার মো. হাবিল মোল্লার ছেলে। 

আদালতের সরকারি কৌঁসুলি মো. আনিসুর রহমান বলেন, ২০১২ সালে রনি মোল্লার সঙ্গে নাটোর সদরের মো. মফিজ উদ্দিনের মেয়ে মো. রিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রিনা খাতুনের ওপর অত্যাচার চালাতেন স্বামী রনি মোল্লা। পরে মেয়ের সুখের কথা ভেবে নগদ ১ লাখ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্র দেয় রিনার বাবা। এতেও খুশি হননি রনি মোল্লা। 

Advertisement

পরে আরো ২ লাখ টাকা যৌতুক দাবি করেন রনি। ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর বাড়ির কাজ করার সময় রিনাকে বাপের বাড়ি থেকে ২ লাখ টাকা নিয়ে আসতে বলেন রনি। কিন্তু রিনা টাকা আনতে অস্বীকৃতি জানালে তাকে গালি-গালাজ করেন। 

একপর্যায়ে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেন। স্থানীয়রা রিনাকে উদ্ধারে ব্যর্থ হয়ে তার পরিবারকে খবর দেন। পরে রিনার পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে নেয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় গুরুদাসপুর থানায় মামলা করেন রিনার বাবা। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার এ রায় দেন আদালত। রায়ে রিনা খাতুনের পরিবার সন্তুষ্ট বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!