রোববার বেলা ১১টার দিকে লালমোহন পৌরশহরের লাঙ্গলখালী ব্রিজ এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের করম আলীর ছেলে আব্দুল জব্বার (৫০) ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভুট্টু মিয়ার ছেলে মো. হাচনাইন (৫)। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে খোরশেদ আলম নাগর হাওলাদার। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের অন্নদা প্রসাদ এলাকার মনোরঞ্জনের ছেলে পুরুন জিৎ
দাস নামে আরো একজন আহত অবস্থায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে যাত্রীবাহী একটি বাস চরফ্যাশন থেকে ভোলায় যাচ্ছিল। বাসটি লালমোহনের লাঙ্গলখালী ব্রিজ থেকে নামার সময় সামনে দিয়ে দুই শিশু দৌড় দেয়। এ সময় চালক শিশুদের রক্ষা করতে গিয়ে বাসটিকে বা দিকে ঘোরান। এতে সড়কে থাকা তিন পথচারী চাপা পড়েন। গুরুতর আহত হন এক শিশুসহ ঐ তিন পথচারী। পরে তাদের স্থানীয়রা উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. তৈয়বুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে এক শিশুসহ দুইজন মারা গেছেন। এছাড়া আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার্ড করা হয়েছে। বাকি একজন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পথচারীদের চাপা দেওয়া বাসটি উদ্ধার করা
হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।