যশোর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৮ হাজার ১২২ জন
যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ৬৯ দশমিক ৮৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন আট হাজার ১২২ জন শিক্ষার্থী। পাসের হারের দিক থেকে এই ফলাফল সাধারণ নয়টি শিক্ষাবোর্ডের মধ্যে সর্বনিম্ন।
এইচএসসি-২০২২ এর ফলাফলে এই বোর্ডের পাসের হার ছিল ৮৩ দশমিক ৯৫। জিপিএ-৫ পেয়েছিলেন ১৮ হাজার ৭০৩ জন শিক্ষার্থী। ফলাফল অনুযায়ী, গতবছরের তুলনায় পাসের হার কমেছে ১৪ দশমিক ০৭ ভাগ। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তি কমেছে ১০ হাজার ৫৮১। ২০২১ সালের এইচএসসি’র ফলাফলে দেশসেরা অবস্থানে উঠে এসেছিল যশোর বোর্ড। ২০২১ সালে যশোর বোর্ডের পাসের হার ছিল ৯৮ দশমিক ১১। জিপিএ-৫ পেয়েছিলেন ২০ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী।
রোববার বিকেলে প্রকাশিত ফলাফলে যশোর বোর্ডের এ চিত্র উঠে এসেছে। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ জানান, যশোর বোর্ডের সার্বিক ফলাফল গত বছরের তুলনায় এবার খারাপ হয়েছে। ইংরেজি এবং উচ্চতর গণিতে শিক্ষার্থীরা খারাপ ফলাফল করেছে। এই প্রভাব পড়েছে সার্বিক ফলাফলে। আগামীতে বোর্ডের ফলাফল ভালো করার জন্য তারা পদক্ষেপ নেয়া হবে।
.png)
যশোর বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে অংশ নেন এক লাখ ৯ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৬ হাজার ৬১৬ জন। এরমধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৮৫ জন এবং ছাত্রী ৪০ হাজার ৭৩১ জন। পাসের হার ৬৯ দশমিক ৮৮। জিপিএ-৫ পেয়েছেন আট হাজার ১২২ জন। এছাড়া বহিষ্কৃত হয়েছে ২৭ জন।
২০২২ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে ৯৮ হাজার ২৬৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। উত্তীর্ণ হন ৮২ হাজার ৫০১ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ছিলেন ৪০ হাজার ৮২১ জন এবং ছাত্রী ৪১ হাজার ৬৮০ জন। পাসের হার ছিল ৮৩ দশমিক ৯৫। জিপিএ-৫ পেয়েছিলেন ১৮ হাজার ৭০৩ জন। এছাড়া নয়জন বহিষ্কৃত হয়েছিলেন।
এর আগে, ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে এক লাখ ২৮ হাজার ১৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন এক লাখ ২৫ হাজার ৭৪১ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৬৪ হাজার ১০৬ জন এবং ছাত্রী ৬১ হাজার ৬৩৫ জন। পাসের হার ছিল ৯৮ দশমিক ১১। জিপিএ-৫ পেয়েছিলেন ২০ হাজার ৮৭৮ জন। এ ফলাফলে ২০২১ সালে যশোর বোর্ড দেশসেরা অবস্থান অর্জন করেছিল।
যশোর শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর যশোর বোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে ১৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ৩৪১ জন। পাসের হার ৮৭ দশমিক ৯২ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন পাঁচ হাজার ৫১২ জন। মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৭৬ হাজার ৫৮৬ জন। উত্তীর্ণ হয়েছেন ৪৯ হাজার ৩৩০ জন। পাসের হার ৫৭ দশমিক ৮৭ ভাগ। এই বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৯৫৬ জন। ব্যবসায় শিক্ষা বিভাগের ১৪ হাজার ৪৬২ জন ছাত্র-ছাত্রীর মধ্যে পাস করেছেন ১০ হাজার ৯৪৫ জন। পাসের হার ৭৫ দশমিক ৬৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছেন ৬৫৪ জন ছাত্র ছাত্রী।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড’র পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ এবারের ফলাফলের চিত্র তুলে ধরে জানান, অন্যান্য বোর্ডের তুলনায় যশোর বোর্ডর ফলাফল খারাপ হয়েছে। বিশেষ করে ইংরেজি পরীক্ষায় ২৩ শতাংশ এবং উচ্চতর গণিতে ১৭ শতাংশ শিক্ষার্থী অনুত্তীর্ণ হয়েছেন। এর প্রভাব সার্বিক ফলাফলের ওপর পড়েছে। ভবিষ্যতে ফলাফল ভালো করার জন্য বোর্ডের পক্ষ থকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে।