প্রবাসী স্বামীর সঙ্গে অভিমানে ফাঁস নিলেন গৃহবধূ
মানিকগঞ্জের হরিরামপুরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তাসমিয়া আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ওসি সুমন কুমার আদিত্য।
এর আগে, শনিবার সন্ধ্যায় উপজেলার বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক কবরস্থান সংলগ্ন গৃহবধূর স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত তাসমিয়া রাজবাড়ী সদর উপজেলার গোলানন্দ মোড় এলাকার কুদ্দুসের মেয়ে ও হরিরামপুর উপজেলার আন্ধারমানিক গ্রামের সৌদি আরব প্রবাসী আকাশের স্ত্রী। তাসমিয়া দেড় বছর বয়সী আরাফাত নামের এক সন্তানের জননী।
.png)
তাসমিয়ার দেবর মিলন জানান, তার মা দেড় বছর বয়সী ভাতিজা আরাফাতকে নিয়ে এক আত্মীয়র বাড়িতে যান। তিনি আর তার বাবা লেছড়াগঞ্জ বাজারে মুদি দোকান করছিলেন। খবর পান তার ভাবি ঘরে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছেন। তিনি আসতে আসতে তার মা ও প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে গেছেন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি সুমন কুমার আদিত্য বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রবাসী স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছেন তাসমিয়া। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।