ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চৌগাছায় গাছিদের মধ্যে সনদ বিতরণ

চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ১১ ডিসেম্বর ২০২৩
চৌগাছায় গাছিদের মধ্যে সনদ বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের চৌগাছায় সরাসরি গাছিদের কাছ থেকে খাঁটি খেজুর গুড় সংগ্রহের জন্য খেজুর গুড়ের হাট ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে গাছিদের মধ্যে সমবায় সমিতির সনদ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চৌগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে ওয়েবসাইটের উদ্বোধন এবং সনদ বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, সিংহঝুলী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মল্লিক, উপজেলা কৃষি কর্মকর্তা মুবাশ্বির হোসেন, সমবায় কর্মকর্তা ওয়াহিদুর রহমান প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিনশতাধিক গাছি উপস্থিত ছিলেন।

Advertisement

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা বলেন, যশোরের ঐতিহ্যবাহী খেজুর রস ও গুড়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে গত দুই বছর ধরে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত মৌসুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুইটি খেজুর বাগান স্থাপন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, কপোতাক্ষ ও ভৈরব নদের দুই পাড়সহ বিভিন্ন স্থানে পঞ্চাশ লক্ষাধিক খেজুর গাছ ও বীজ রোপণ করা হয়েছে। গত বছর উপজেলায় খেজুর গুড়ের মেলা করা হয়েছে, যা প্রতি বছর পহেলা মাঘ থেকে নিয়মিত অনুষ্ঠিত হবে।

তিনি গাছিদের উদ্দেশে বলেন, এখন থেকে প্রতি বছর উপজেলায় উৎপাদিত সব খেজুর বীজ রোপণ করতে হবে। তাহলে দেখা যাবে দুই থেকে তিন বছরের মধ্যে উপজেলার খেজুর গুড়ের ঐতিহ্য ফিরে এসেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা আরো বলেন, আগে চৌগাছায় আড়াইশতাধিক খেজুর গুড়ের কারখানা ছিল। ইটভাটায় গাছ বিক্রি করে দেওয়ায় সে ঐতিহ্য ধ্বংসের পথে। মনে রাখবেন- ইটভাটায় কোনো খেজুর গাছ বিক্রি করা যাবে না। তাহলে কয়েক বছরের মধ্যে এই এলাকায় খেজুর গুড়ের ঐতিহ্য ফিরে আসবে। আপনাদের সমবায় সমিতি ও ওয়েবসাইট করে দেওয়া হয়েছে। এ ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মানুষ অনলাইনে সরাসরি আপনাদের কাছ থেকে খাটি খেজুর গুড় কিনতে পারবেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বিতরণ যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!