[ দেশজুড়ে ]
ফুটপাতে ‘চোরাই’ মোবাইলের দোকান
গ্রেফতারকৃতরা
রাস্তার পাশে ফুটপাতে বিক্রি হচ্ছিল বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন। অপেক্ষাকৃত কমমূল্যে পেয়ে কিনে নিচ্ছিলেন গ্রাহকরাও। এসব মোবাইল ফোনের প্রত্যেকটিই চোরাই। কিন্তু গ্রাহকদের ভুলভাল বুঝিয়ে সেগুলো বিক্রি করছিলেন কয়েকজন যুবক। খবর পেয়ে তাদের হাতেনাতে ধরে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি সঞ্জয় কুমার সিনহা। এর আগে, শনিবার সন্ধ্যায় আমিন কলোনিস্থ আমিন টেক্সটাইলের উত্তর পাশের ফুটপাত থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. শামীম, বেলাল হোসেন, মো. সুমন ও মো. জসিম। তাদের মধ্যে জসিম আমিন কলোনি এলাকায় থাকেন। বাকি তিনজনের বাড়ি চট্টগ্রামের বাইরে। তবে তারাও বায়েজিদের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ওসি সঞ্জয় কুমার সিনহা বলেন, ফুটপাতে চোরাই মোবাইল ফোন বেচাকেনার সময় হাতেনাতে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!