নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল তরুণের
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মনিরুল ইসলাম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুরের নকলা উপজেলার কাজাইকাটা-নারায়নখোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল নকলার নারায়নখোলা মাদরাসা পাড়ার কলিমউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার সময় মনিরুল ও সহিদ (১৭) মোটরসাইকেলে করে নকলার কাজাইকাটা থেকে নারায়নখোলা বাজারে যাচ্ছিলেন। পথে দরবার চর জামে মসজিদের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মনিরুল মারা যান।
পরে সহিদ মিয়াকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নকলা থানার ওসি আব্দুল কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।