এ সময় খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী কনের বাড়িতে এসে হাজির হন। ম্যাজিস্ট্রেট দেখামাত্র দৌড়ে মেহমানরা কনেকে একা ফেলে দ্রুত পালিয়ে যান। মুহূর্তের মধ্যে বিয়ে বাড়ি ফাঁকা হয়ে যায়। এ খবর শুনে বিয়ে বাড়িতে আসেননি বরসহ তার যাত্রীরা। তারা রাস্তা থেকেই ফিরে যান।
বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের লোহঘর গ্রামে এ ঘটনা ঘটেছে।
.png)
খোঁজ নিয়ে জানা যায়, তুলাইশিমুল উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ও লোহঘর গ্রামের এক প্রবাসীর মেয়ে। পারিবারিকভাবে কুমিল্লায় তার বিয়ে ঠিক হয়। বর কনের বাড়িতে আসার আগে এসিল্যান্ড খবর পেয়ে এ বিয়ে ভেঙে দেন।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, যেহেতু কনের বয়স ১৫ বছর তাই এ বিয়ে ভেঙে দেওয়া হয়েছে। কনের মা স্বপ্না খানম মুচলেকা দিয়েছেন, প্রাপ্ত বয়স হওয়ার আগে তার মেয়ের বিয়ে দিবেন না।