ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দামি মোবাইল ছিনিয়ে নিতেই বন্ধুকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৫, ৮ জানুয়ারি ২০২৪
দামি মোবাইল ছিনিয়ে নিতেই বন্ধুকে হত্যা
ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে ইসমাইল হোসেন আসিফ (২২) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা আসিফের ঘাড় কেটে হত্যার পর তার ব্যবহৃত মোবাইলটি নিয়ে যায়।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী ইসলাম মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত আসিফ বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের সৈয়দ আলী পাটোয়ারী বাড়ির জয়নাল আবদীনের ছেলে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, একলাশপুর ইউনিয়নের হাজী ইসলাম মিস্ত্রি বাড়ির একটি ঘরে প্রায় সময় বসে চার বন্ধুসহ আড্ডা দিতেন আসিফ। এখানে বসে তারা নেশা করতেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। অন্যদিনের মতো সোমবার সকালেও তারা একসঙ্গে ওই ঘরে এসে একত্রিত হন। এর কিছুক্ষণ পর ওই ঘর থেকে চিৎকার দিয়ে বের হয়ে ঘরের সামনে এসে রক্তাক্ত অবস্থায় পড়ে যান আসিফ। ওই সময় ঘরের ভেতরে থাকা তার চার বন্ধু বের হয়ে দ্রুত পালিয়ে যান। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

নিহত আসিফের বড় বোন কুলসুম আক্তার অভিযোগ করে বলেন, আসিফ তার বন্ধু সৈকতসহ এলাকায় আড্ডা দিতো। তার ধারণা, আসিফের হাতের মূল্যবান মোবাইলটি নিতে তার বন্ধুরা তাকে হত্যা করেছেন। তিনি এ ঘটনায় বিচার দাবি করেছেন।

বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, যে নিহত হয়েছেন এবং ওই ঘরে যারা থাকতেন তারা সবাই পূর্বপরিচিত বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। ধারালো ছুরি দিয়ে হত্যাকারীরা আসিফের ঘাড় কেটে দিয়েছেন এবং রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!