অটোরিকশাচালক হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড
কুমিল্লার দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশাচালক ইকতার হোসেনকে হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায়ে দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- দাউদকান্দি উপজেলার কালাইরকান্দি গ্রামের নলি মিয়ার ছেলে জাহাঙ্গীর, দেবিদ্বার উপজেলার জাফরাবাদ (মন্তাজ সাহেবের বাড়ি) গ্রামের হাতেম আলীর ছেলে ইমরান এবং দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের ডিপটির ছেলে সুমন ও দেবিদ্বার উপজেলার জাফরাবাদ (রহমান সাহেবের বাড়ি) গ্রামের রুবেল।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নুরুল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল অটোরিকশাচালক ইকতার হোসেন রাতে বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার পরিবার। পরদিন দাউদকান্দি পুলিশের মাধ্যমে জানতে পারেন, দু’জন ছিনতাইকারীকে দাউদকান্দি থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়।
আরো জানতে পারেন যে, ছিনতাইকারীরা যাত্রীবেশে সিএনজিতে উঠে ইকতারকে এলোপাতাড়ি মারধর ও পরে পানিতে চুবিয়ে হত্যার পর কচুরিপানা দিয়ে ডেকে মরদেহ গুম করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে থানা পুলিশকে খবর দেয়।
এ ঘটনায় ২৫ এপ্রিল মামলা হয়। আজ ঐ মামলায় ১৬ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত। তবে রায় ঘোষণার সময় কোনো আসামিই আদালতে উপস্থিত ছিলেন না।