শনিবার সকালে উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর জড়িত সন্দেহে আটজনকে আটক করে।
জানা গেছে, প্রায় ৪০ বছর আগে উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় ইবতেদায়ি মাদরাসা নামে একটি প্রতিষ্ঠানে ঐ এলাকার মৃত সফর উদ্দিন, মৃত নীল মাহমুদ ও মৃত ছাবেদ আলী মিলে মোট ১ একর ৫ শতাংশ জমি ওয়াকফ করে দেন। বর্তমানে ইবতেদায় মাদরাসা প্রতিষ্ঠানটি কোনো কারণে বিলুপ্ত হয়ে যাওয়ায় মাদরাসার ওয়াকফকৃত সম্পত্তি দাতার ওয়ারিশ মজিবর মেম্বাররা তছরুপ করে আসছিলেন।
.png)
পরবর্তীতে পার্শ্ববর্তী গোল্লারপাড় মদিনাতুল উলুম কওমি মাদরাসা নামে নতুন একটি মাদরাসা প্রতিষ্ঠিত হয়। এতে আগের বিলুপ্ত হওয়া মাদরাসার সম্পত্তির উপার্জিত অর্থের অংশ বর্তমান প্রতিষ্ঠিত কওমি মাদরাসায় দান করে আসছিল কর্তৃপক্ষ। এমতাবস্থায় গোল্লারপাড় জামে মসজিদের কমিটি গঠন নিয়ে সমস্যা দেখা দিলে একপর্যায়ে ওয়াকফকৃত সম্পত্তির উপার্জিত অংশ ঐ কওমি মাদরাসার নামে না দেওয়ার সিদ্ধান্ত নিলে কওমি মাদরাসার সভাপতি উসমান গনি ও সাধারণ সম্পাদক হাফেজ আলীর মাঝে বিরোধ সৃষ্টি হয়।
বর্তমান সভাপতি উসমান গনি চলমান বোরো আবাদে ঐ জমি চাষ করে লাগানোর প্রস্তুতি নিলে সাধারণ সম্পাদক হাফেজ আলীর লোকজন গতকাল শুক্রবার গোপনে গিয়ে ঐ জমিতে ধানক্ষেত লাগিয়ে ফেলেন। এ নিয়ে শনিবার সকাল ৯টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ নিয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।