বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের তিশিগাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাজিন্দা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে ও পেশায় ট্রাকচালক। আহত সাজ্জাদ একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও ট্রাকচালকের সহকারী। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
.png)
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানা পুলিশের ওসি সনাতন চন্দ্র সরকার।
তিনি জানান, সকালে বাড়ি থেকে সাজ্জাদকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে জাহিদ দুপচাঁচিয়ার দিকে রওনা হন। উপজেলার তিশিগাড়িতে এলে বগুড়া থেকে নওগাঁগামী একটি বাস তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদ মারা যান। স্থানীয়রা আহত সাজ্জাদকে চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে পাঠিয়ে দেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি আটক আছে। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।