ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৪, ৩০ জানুয়ারি ২০২৪
কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল যুবকের
ছবিতে কামরুল ইসলাম

কুমিল্লার মেঘনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কামরুল ইসলাম (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার উপজেলার চালিভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুল ইসলাম চালিভাঙ্গা গ্রামের আব্দুর রবের ছেলে।

স্থানীয়রা জানায়, চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ও জেলা পরিষদের সদস্য (মেঘনা) মো. কাইয়ুম হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এতে কয়েক মাস আগে কাইয়ুম গ্রুপের হামলায় হুমায়ুন চেয়ারম্যানের ছোট ভাই নিজাম সরকার নিহত হন।

Advertisement

সম্প্রতি নিজাম সরকার হত্যায় অভিযুক্ত আসামিরা আদালত থেকে জামিনে মুক্তি পান। আসামিরা বাড়িতে ফিরতে চাইলে গত রোববার (২৮ জানুয়ারি) তাদের ধাওয়া দেন হুমায়ুন চেয়ারম্যান গ্রুপের লোকজন। বিষয়টি থানা পুলিশ অবগত থাকায় পরবর্তীতে রোববার রাত থেকে চালিভাঙ্গা বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।

কাইয়ুম গ্রুপের নলচর, ফরাজিকান্দি, চালিভাঙ্গার লোকজন সোমবার দুপুরে ফের যার যার বাড়িতে যাওয়ার চেষ্টা করলে হুমায়ুন চেয়ারম্যানের ছোট ভাই টিটু সরকারের নেতৃত্বে তাদের ওপর আবারো হামলা চালানো হয়। এ সময় উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কাইয়ুম গ্রুপের কামরুল ইসলামসহ অন্তত ৫ জন আহত হন। এদের মধ্যে কামরুল ও দাইয়ানকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে কামরুল মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেঘনা থানার ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!