এসিড নিক্ষেপে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
মানিকগঞ্জের সাটুরিয়ায় পোশাককর্মী সাথী আক্তারকে এসিড নিক্ষেপ ও হত্যার মামলায় সাবেক স্বামী মো. নাঈম মল্লিককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় দেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার।
বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুর নাথ সরকার।
.png)
নিহত মোসা. সাথী আক্তার (২০) সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী ফেরাজীপাড়ার আব্দুস সাত্তারের মেয়ে। তিনি ঢাকার ধামরাইয়ের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। দণ্ডিত নাঈম মল্লিক মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার মৃত নিজাম মল্লিকের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৯ জানুয়ারি দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় সাবেক স্ত্রী মোসা. সাথী আক্তারকে এসিড নিক্ষেপ করেন স্বামী নাঈম মল্লিক। তার ছোড়া এসিডে সাথীর হাত-মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। এ ঘটনায় ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সাথী আক্তারের মৃত্যু হয়। পরে নিহতের মামা লাল মিয়া বাদী হয়ে সাটুরিয়ায় থানায় মামলা করেন। আদালতের বিচারক উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আসামির উপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।