ফুফুর জানাজায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ভাতিজা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ফুফুর জানাজার নামাজের মাঠেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভাতিজা মাওলানা নুরুল আনোয়ার হেলালি।
রোববার সকাল ৯টার দিকে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে, শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আনোয়ার হেলালি একই এলাকার ওষখাইন শাহ্ আলী রজা রহ. আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
.png)
স্বজনরা জানান, শনিবার দুপুরে ফুফু আনোয়ারা বেগমের জানাজার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন তিনি আনোয়ার হেলালি। এ সময় হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
মৃত আনোয়ার হেলালির ফুফাতো ভাই হাসান জিয়াউল ইসলাম বলেন, আমার ফুফু আনোয়ারা বেগম গত শুক্রবার রাতে মারা যান। শনিবার দুপুরে জোহরের নামাজের পর স্থানীয় জামে মসজিদের মাঠে জানাজার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন আনোয়ার হেলালি। এ সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। একসঙ্গে পরিবারের দুইজনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তিনি আরো বলেন, রোববার সকাল ৯টার দিকে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল হক চৌধুরী বাবুল।
তিনি বলেন, ফুফুর জানাজার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ভাতিজা আনোয়ার। এটি খুবই হৃদয়বিদারক ঘটনা।