ভুট্টাক্ষেতে পড়েছিল বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ভুট্টাক্ষেত থেকে আইয়ুব আলী নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকায় তারেরকোল মাঠের ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আইয়ুব আলী মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের খোদা বক্সের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন আইয়ুব আলী। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
.png)
আজ সকাল সাড়ে ৯টার দিকে কেদারগঞ্জ এলাকার মাঠের ভুট্টাক্ষেতে একজনের মরদেহ পড়ে আছে- এমন খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে মরদেহটি আইযুবের বলে শনাক্ত করেন। নিহতের মুখমন্ডলে দাগ এবং মাথার পিছনে রক্তাক্ত ক্ষত চিহ্ন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানা ওসি উজ্জল দত্ত জানান, কেদারগঞ্জ এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে আইয়ুব আলীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।