ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটা সৈকতে হাজারো পর্যটকের ঢল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ৯ ফেব্রুয়ারি ২০২৪
কুয়াকাটা সৈকতে হাজারো পর্যটকের ঢল
শুক্রবার কুয়াকাটা সৈকতে হাজারো পর্যটকের ঢল নামে। ছবি: সংগৃহীত

ছুটির দিনে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে হাজারো পর্যটকের ঢল নেমেছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) যেন সৈকতে পা ফেলার জায়গা নেই। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকেই প্রিয়জনের সঙ্গে সমুদ্রের নোনা জলে সাঁতার কাটছেন। কেউবা আবার বেঞ্চিতে বসে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।

এর ফলে হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে। এদিকে, আগত পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকে কুয়াকাটা আসতে থাকে শত শত পর্যটকবাহী বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটররসাইকেলসহ নানা পরিবহন। হাজার হাজার পর্যটকের সমাগম ঘটে কুয়াকাটায়। নির্বাচনের পর এই প্রথম এত পর্যটক কুয়াকাটায় এসেছেন। হোটেল-মোটেল, রিসোর্ট, বিনোদন কেন্দ্রসহ সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

Advertisement

সরেজমিনে দেখা যায়, কুয়াকাটার শুঁটকি পল্লী, গঙ্গামতির সৈকত, রাখাইন পল্লী, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও সৈকতের ঝাউবাগানসহ অধিকাংশ পর্যটন স্পটে এখন পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মতো। আগত পর্যটকরা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগসহ সমুদ্রের নোনা জলে গা ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতে উঠেছেন। আবার কেউ ছবি তুলছেন, কেউ ছাতার নিচে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করছেন, আবার কেউ ঘোড়ার পিঠে চড়ে পুরো সৈকতে ঘুরে বেড়াচ্ছেন।

বরিশাল থেকে আসা পর্যটক মিমি বলেন, আমাদের বরিশালের প্রাণকেন্দ্র কুয়াকাটা সমুদ্রসৈকত। সৈকতের বিশেষ আকর্ষণ হলো একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় যা বিরল। তবে বর্ষা মৌসুমে এখানকার মেঘলা আকাশের সঙ্গে সমুদ্রের ঢেউ আমাকে আরো বিমোহিত করে তোলে।

ঢাকা থেকে আসা পর্যটক রাশেদুল বলেন, সময় পেলেই চলে আসি কুয়াকাটায়। কারণ এখানের সৌন্দর্য আমাকে বার বার টানে। কুয়াকাটা সৈকতে রাতের বেলা বাহারি রকমের সামুদ্রিক মাছের বারবিকিউ এবং ফ্রাই খুবই সুন্দর এবং মজার। সবমিলিয়ে কুয়াকাটা আমার খুব পছন্দের জায়গা।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি জহিরুল ইসলাম বলেন, সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষ্যে কুয়াকাটায় অনেক পর্যটকদের ভিড়। পর্যটকদের আনাগোনায় মুখরিত সৈকত। আজ হোটেলগুলোতে প্রায় ৯০ শতাংশ রুম বুকিং রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পরিদর্শক মনিরুল হক ডাবলু বলেন, পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। আমাদের টহল টিম মাঠে রয়েছে। পর্যটকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেদিকে আমরা নজর রাখছি। প্রতিটি দর্শনীয় স্থানে আমাদের টিম রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!