যৌতুক ছাড়াই ১৪ নবদম্পতির বিয়ে সম্পন্ন
গাজীপুরের টঙ্গীতে চলতি বছরের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে যৌতুক ছাড়াই ১৪ নবদম্পতি বিয়ে সম্পন্ন হয়েছে। শনিবার বাদ আসর ইসলামি শরিয়াহ মেনে এসব বিয়ে পড়ানো হয়।
বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ এই যৌতুকবিহীন বিয়ে। শনিবার ইজতেমার বয়ান মঞ্চের পাশে বসে যৌতুকবিহীন বিয়ের আসর। সকাল থেকেই অভিভাবকরা হবু দম্পতির নাম তালিকাভুক্ত করান। বিকেল সোয়া ৫টার দিকে মাশোয়ারার কামড়ায় ১৪ নবদম্পতির বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সাদ।
কনের সম্মতিতে বর ও কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর বয়ান মঞ্চ থেকে মোনাজাতের মাধ্যমে সব নবদম্পতির সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়।
.png)
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ শনিবার বিকেল সোয়া ৫টার দিকে মাশোয়ারার কামড়ায় ১৪ জোড়া বর-কনের বিয়ে পড়িয়েছেন। বিয়ের পর উপস্থিত মুসল্লিদের মাঝে খেজুর বিতরণ করা হয়েছে।
শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা।
এর আগে, ২-৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় চলতি বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।