নবীনগরে দুজনকে ২ লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে সরকারি খালে কালভার্ট নির্মাণ ও জলাধার ভরাটের অভিযোগে দুইজনকে ২ লাখ টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নবীনগরে পৌর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, উপজেলার বিভিন্ন জায়গায় একটি চক্র অবৈধভাবে সরকারি খালে কালভার্ট নির্মাণ ও জলাধার ভরাট করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আলিয়াবাদ এলাকায় খালে মাটি ফেলে ব্যক্তিগত স্বার্থে কালভার্ট নির্মাণের চেষ্টা করায় গোলাম মোহাম্মদ সোহেল রানা নামে একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে রানাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
.png)
তিনি আরো জানান, পৃথক অভিযানে পৌরসভার বিজয়পাড়ার নরসিংহপুর এলাকায় জলাধার ভরাটের দায়ে ড্রেজার ব্যবসায়ী শফিক মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শফিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনসম্মুখে পাইপসমূহ বিনষ্ট করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।