রাজশাহীতে সোহাগ হত্যা মামলার আরো ২ আসামি গ্রেফতার
রাজশাহীর বাগমারা উপজেলায় সোহাগ হত্যা মামলার আরো দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এ মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার এসআই রবিউল ইসলাম। এর আগে, শুক্রবার রাতে গাজীপুর থেকে তাদের গ্রেফতার করে র্যাব। পরে তাদের বাগমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাগমারা উপজেলার মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা মো. রনি (৩০) ও সাজ্জাদ হোসেন (২৮)।
জানা যায়, নিহত সোহাগের বাড়ি যশোরের মনিরামপুর উপজেলায়। তিনি ঢাকায় থাকতেন। গত ২ ফেব্রুয়ারি সকালে সোহাগের বন্ধু বাগমারার মরুগ্রাম ডাঙ্গাপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মনাহার ইসলামকে (২৮) পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। খবর পেয়ে সোহাগসহ তিন বন্ধু মনাহারকে ঢাকা থেকে দেখতে আসেন। এ সময় গ্রামে তাদের দেখে মনাহারের প্রতিপক্ষরা তাদের ওপর হামলা করেন। এ সময় দুইজন পালিয়ে বাঁচলেও সোহাগকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে গ্রামের এক গলির ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
এ ঘটনায় নিহত সোহাগের চাচাতো ভাই সাইফুল ইসলাম সাগর বাদী হয়ে বাগমারা থানায় হত্যা মামলা করেন। ঐ মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে।