ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহনে বসতঘরে চুরি, আটক ৩

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৪
লালমোহনে বসতঘরে চুরি, আটক ৩
চোর চক্রের হানায় এলোমেলো বসতঘরের আসবাবপত্র

ভোলার লালমোহন উপজেলায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন চোরকে আটক করেছে লালমোহন থানা পুলিশ।

সোমবার দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার স্কুল শিক্ষক মাওলানা আকবর হোসেনের বসতঘরে হানা দেয় চোর চক্র। এ সময় তারা মোটরসাইকেল, ল্যাপটপ, ওয়াইফাইয়ের রাউটার, স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায়।

জানা যায়, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার ঝান্টু মিয়ার বাসায় ভাড়া থাকেন উপজেলার ওহিদুন্নবী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আকবর হোসেন। সোমবার সকালে বিদ্যালয়ের কাজে বরিশাল যান তিনি। দুপুরে তার স্ত্রী বাসায় তালা দিয়ে পৌরসভার ওয়েস্টার্ন পাড়ায় বোনের বাসায় দাওয়াতে যান। ফাঁকা বাসা পেয়ে সেখানে হানা দেয় চোর চক্র। তারা বাসার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে আলমারি ও শোকেজ ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা, ব্যাংকের চেক বই, মোবাইল, রাউটার এবং মোটরসাইকেল নিয়ে যায়।

Advertisement

সন্ধ্যার পর আকবর হোসেনের স্ত্রী বাসায় ফিরে দেখেন ভেতর থেকে ঘরের দরজা বন্ধ রয়েছে। পরে বাসার পেছনে গিয়ে দেখেন পেছনের দরজা খোলা। এরপর তিনি বাসার ভেতরে ঢুকে দেখেন বাসার আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহাবুব উল আলম বলেন, এ ঘটনায় তিন চোরকে মালামালসহ আটক করা হয়েছে। চোরেরা ঢাকা থেকে লালমোহনে এসেছে। তবে মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা যায়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: আটক লালমোহন
লিংক সফলভাবে কপি হয়েছে!