ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
নরসিংদীর শিবপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ

মাকে চিরবিদায় দিতে ইতালি থেকে বাড়ি ফিরছিলেন শাহ আলম

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২২, ২২ ফেব্রুয়ারি ২০২৪
মাকে চিরবিদায় দিতে ইতালি থেকে বাড়ি ফিরছিলেন শাহ আলম
ছবি: ডেইলি বাংলাদেশ

দীর্ঘ ১৪ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে ইতালিতে বসবাস করছিলেন শাহ আলম। মায়ের জানাজায় অংশ নিতে সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে মাইক্রোবাসযোগে বাড়ি ফেরার পথে সড়কেই নিথর হলেন এই প্রবাসী।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাড়কের নরসিংদীর শিবপুর উপজেলার ঘাসিরদিয়া এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শাহ আলমসহ তার বোনজামাই নিহত হন।

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই এলাকার শাহজাহান মেম্বরের ছেলে ইতালি প্রবাসী শাহ আলম ও তার বোনজামাই একই উপজেলার শামসু উদ্দিনের ছেলে সেলিম মিয়া। 

Advertisement

হাইওয়ে পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ ১৪ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে ইতালিতে বসবাস করছিলেন শাহ আলম। বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তার মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে বৃহস্পতিবার দেশে ফিরে জানাজায় অংশ নিতে বিমানবন্দর থেকে মাইক্রোবাসযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শাহ আলম ও তার বোনজামাই সেলিম মিয়া, ভাগ্নেসহ চারজন।

তাদের বহনকারী মাইক্রোবাসটি শিবপুরের ঘাসিদিয়া এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম এবং হাসপাতালে নেয়ার পর তার সেলিম মারা যান। এ ঘটনায় মাইক্রোবাসের চালকসহ আরো দু’জন আহত হয়েছেন।

ইটাখোলা হাইওয়ে থানার এসআই পরিদর্শক আরিফুর রহমান জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী মাইক্রোবাসটি বেপরোয়া গতিতে যাচ্ছিল। এছাড়া দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে দুটি যানবাহন মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দু’জন মারা যান। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!