[ দেশজুড়ে ]
বাইডেন-জয়া দম্পতির ঘরে এলো নতুন তিন অতিথি
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি জো বাইডেন ও জয়ার ঘরে তিনটি শাবকের জন্ম হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শাবকগুলোর জন্ম হয়। নতুন তিনটি নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়িয়েছে ১৭টিতে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, ২০১৮ সালের জুলাইয়ে জন্ম হয় বাঘিনী জয়ার এবং বাঘ জো বাইডেনের জন্ম ২০২০ সালের ২৮ ডিসেম্বরে। জন্মের পরপরই মা হতে পরিত্যক্ত হয় জো বাইডেন। এরপর তাকে চট্টগ্রাম চিড়িয়াখানার ব্যবস্থাপনায় লালনপালন করা হয়। এক বছর লালনপালন শেষে বিশেষ প্রক্রিয়ায় খাঁচায় অন্য বাঘ পরিবারের সঙ্গে সোশালাইজেশনের মাধ্যমে সদস্য হিসেবে রি-ইন্ট্রোডাকশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রথমবারের মতো নিজের পরিবার তৈরি করলো জো বাইডেন।
চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, একটি বাঘ শাবককে মানুষের হাতে লালনপালন এবং পরবর্তীতে বাঘ পরিবারের সঙ্গে একত্রীকরণের মাধ্যমে বংশবিস্তার- একটি একটি বিরল ঘটনা। নতুন তিনটি শাবকের এখনো লিঙ্গ নির্ধারণ করা হয়নি। লিঙ্গ নির্ধারণের পর নাম রাখা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!