ফটোগ্রাফার মাটিতে লুটিয়ে পড়লে মৃত্যু ভেবে ছিনিয়ে নেন নগদ টাকা ও ক্যামেরাসহ অন্যান্য সেটআপ। ঘটনাটি ঘটেছে গত ২১ ফেব্রুয়ারি নগরীর বড়বাড়ি সিংগীমারী বাগান বাড়ি এলাকায়। এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। আহত ফটোগ্রাফার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর সেন্ট্রাল রোডের ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।
.png)
গ্রেফতারকৃতরা হলেন, রংপুর নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বড়বাড়ি মুক্তারপাড়া এলাকার সাঈদ (২২) ও নুরপুর এলাকার সীমান্ত (২৪)। এ সময় ছিনতাই হওয়া ক্যামেরা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২১ ফেব্রুয়ারি দুপুরে অভিযুক্ত সাঈদ বোনের বিয়ের ছবি তোলার কথা বলে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার বাশহাটি তালজাঙ্গা এলাকার আনোয়ার মিয়ার ছেলে পেশাদার ফটোগ্রাফার বিল্লাল হোসেনকে ডেকে আনে রংপুরে। এরপর নগরীর বড়বাড়ি সিংগীমারীর এলাকার বাগান বাড়িতে ভিডিওর কথা বলে সাঈদ ও তার বন্ধু সীমান্ত মিলে ফটোগ্রাফার বিল্লাল হোসেনকে ডেকে নিয়ে যান। সেখানে তাকে ছুরিকাঘাত করা হয়।
রক্তাক্ত অবস্থায় বিল্লাল হোসেনকে মৃত ভেবে আনুমানিক ১১ লাখ টাকার ক্যামেরা ও নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান সাঈদ ও সীমান্ত। এরপর গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে আরেক বন্ধুর বাড়িতে আত্মগোপন করেন।
পুলিশ জানায়, প্রায় ৪৫ ঘণ্টা পর বাগান বাড়িতে মুমূর্ষু অবস্থায় একজনকে পরে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন আসে। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এক পুলিশ সদস্যসহ দুইজন রক্ত দেন ভুক্তভোগীকে। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ফটোগ্রাফার বিল্লাল হোসেন।
এদিকে ভুক্তভোগীর চাচাতো ভাই মোনায়েম খান বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান পরিচালনা করে গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে বন্ধুর বাড়ি থেকে মামলার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে।
কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে ভুক্তভোগীর চিকিৎসা এবং অন্যান্য বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।