বাড়ির সীমানায় ময়লা ফেলা নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
নোয়াখালীর সেনবাগে বাড়ির সীমানায় ময়লা ফেলা ও জমে থাকা পানিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধের নাম খুরশীদ আলম। তিনি উপজেলার বালিয়াকান্দি গ্রামের মৃত মকবুল আহমদের ছেলে।
আটককৃতরা হলেন- উপজেলার বীজবাগ ইউনিয়নের দক্ষিণ বালিয়াকান্দি গ্রামের কবির আহমেদ মাস্টার বাড়ির মো. শহীদুল্লাহ (৬৫), তার ছেলে মো. অলিউল্লাহ ওরফে শিমুল (৩০) এবং ফোরকানের নেছা (৩৩)।
.png)
জানা যায়, সকালে খুরশীদ আলমের সঙ্গে প্রতিবেশী শহীদুল্লার বাড়ির সীমানায় ময়লা ফেলা ও জমাট থাকা ময়লা পানিকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বাড়ির সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে কাঠের লাঠি দিয়ে শহীদুল্লাহ ও তার পক্ষের লোকজন খুরশীদ আলমকে মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়া এলাকাবাসীর সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
সেনবাগ থানার এসআই সনদ বড়ুয়া বলেন, ভুক্তভোগীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।