ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৮, ৪ মার্চ ২০২৪
চট্টগ্রামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের কর্ণফুলীর ইছানগরে এস আলম সুগার মিলে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে। আগুন বড় আকার ধারণ করায় পরবর্তীতে নৌবাহিনীর দুটি ইউনিট ও বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটির ১৩ সদস্য যোগ দিয়েছেন। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও হতাহতের খবর জানা যায়নি।

সোমবার বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শোয়েব হোসাইন মুন্সী বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ছয়টি ইউনিট কাজ শুরু করে। আগুনের মাত্রা বাড়তে থাকলে পরে আরো ছয়টি ইউনিট যুক্ত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।

Advertisement

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, এস আলম রিফাইন্ড সুগার মিলের ৫ম তলায় আগুনের সূত্রপাত হয়। কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে গেছে। বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

এদিকে, এস আলম সুগার মিলের কর্মকর্তারা বলছেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা ধারণা করছি।

তারা আরো জানান, আগুন লাগা এক নম্বর গুদামটিতে রয়েছে প্রায় এক লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি। যেগুলো রমজানের জন্য ব্রাজিল থেকে আমদানি করা হয়েছিল। পরিশোধন শেষে চিনিগুলো বাজারজাতের কথা ছিল।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ বরঞ্জীব বড়ুয়া বলেন, বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। আগুন লাগার কারণ এখনই বলা যাচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এমকে/আরআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!