সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি (আব্দুস সাত্তার মসজিদ সংলগ্ন) স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত মন্ডল বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামের প্রয়াত বাবুল মন্ডলের ছেলে। তিনি শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহতরা হলেন- মোটরসাইকেল চালক মামুন এবং মোটরসাইকেল আরোহী রিফাত।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন।
তিনি জানান, মোবাইল কেনার জন্য মোটরসাইকেলে দুই বন্ধুসহ মাওনা যাচ্ছিলেন রিফাত মন্ডল। এ সময় শ্রীপুর-মাওনা সড়কের ভাংনাহাটি (আব্দুস সাত্তার মসজিদ সংলগ্ন) স্থানে পৌঁছালে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তারা। এ সময় পেছন থেকে আসা একটি অটোরিকশা রিফাতকে চাপা দেয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রিফাত মন্ডলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত মামুন এবং রিফাতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, হাসপাতালে গিয়ে দুর্ঘটনায় নিহত কলেজছাত্র রিফাত মন্ডলের সুরতহাল করেছে পুলিশ। নিহতের স্বজনদের আবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।