রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে মহড়ার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মোহাম্মদ হাবিবুর রহমান। মহড়ায় দুর্যোগকালীন সময়ে করণীয় বিষয় নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
মহড়া চলাকালীন সময়ে সংশ্লিষ্টরা জানান, এই মহড়া বাস্তবিক ক্ষেত্রে অনেকটাই কাজে আসবে।
.png)
মহড়া স্থলে গিয়ে দেখা যায়, চারদিকে ছোটাছুটি, আগুনে ঘর পুড়ে যাওয়ার ব্যক্তির চিৎকার আর্তনাদ, গ্যাস সিলিন্ডারে আগুন লেগে দাউ দাউ করে জ্বলছে। বহুতল ভবনের ওপর আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা। দেয়াল কেটে বের করে আনা হচ্ছে আটকেপড়া ব্যক্তিদের। অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সাইরেনের আওয়াজে প্রকম্পিত পুরো এলাকা। সবকিছু দেখে মনে হবে কোনো দুর্যোগ প্রবণ এলাকার দৃশ্য। প্রকৃতপক্ষে সব কিছুই ছিল জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের আয়োজিত মহড়ায় দৃশ্য। মহড়ায় ফায়ারা সার্ভিস কর্মীদের সঙ্গে রেডক্রিসেন্ট ও রেডক্রস সদস্যরা অংশ গ্রহণ করেন।
এ সময় মহড়ায় অংশ নেয়া রেডক্রিসেন্ট কর্মী আফরিন ফাতেহা জুঁই জানান, এই শিক্ষামূলক মহড়া বাস্তব জীবনে কাজে লাগানোর চেষ্টা করবো । পাশপাশি সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার আহবান জানাবো।
এদিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আগুন ও ভূমিকম্প সম্পর্কে সচেতন হওয়ার আহবান জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডিসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, প্রাকৃতিক দুর্যোগ সর্ম্পকে আমরা প্রস্তুত রয়েছি। তবে এ বিষয়ে আমাদের সবাইকে জনসচেতন হতে হবে।
মহড়ায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর, ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মুহাম্মদ আশিক হাসান উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।